Friday, 30 June 2017

সত্যি গল্প

## ভগবানের জন্ম ##
-----------------------------------
আমাদের খুড়োর বাড়ির পাশে দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে৷ মূলত সেচের জলের জন্য বড় নদীতে বোরো বাঁধ দিয়ে ঐ নদী বা খালটিতে জল ছাড়া হত৷ গ্রামের মানুষজন নৌকায় করে খালটি দিয়ে জলপথে যাতায়াত করতেন৷ সবার বাড়িতেই বিচিত্র জলযান ছিল৷

অনেকে নদীটিতে বিভিন্ন রকম ফাঁদ রাখতেন মাছ ধরার জন্য৷ তবে ঐ ফাঁদের জন্য নৌকা চলাচলের অসুবিধা হত৷ নৌকাযাত্রীরা বাধ্য হয়ে ফাঁদ খুলে দিয়ে নৌকা নিয়ে যেতেন৷ এজন্য মাঝে মাঝে অশান্তিও লেগে থাকত৷

এবার মুল ঘটনায় আসি৷ গ্রামে একটি হরিনাম সংকীর্তনের দল ছিল৷ তারা প্রত্যহ সন্ধ্যায় নৌকাযোগে বিভিন্ন লোকের বাড়ি যেত হরিনাম করতে।

অনেকের মত খুড়োও মাছের আশায় নদীতে ফাঁদ রাখতেন৷ হরিনামের দলটি প্রতিদিন সেই ফাঁদ ছিঁড়ে দিয়ে নৌকা নিয়ে যেত৷ তাদেরও কিছু করার ছিল না৷ খুড়ো অত শত বুঝতেন না। কাঁচা কাঁচা খিস্তি দিয়ে সে তার মনের রাগ মেটাতেন। সেই খিস্তি শুনে আমরা আনন্দ লাভ করতাম।

যাইহোক, সেদিন পূর্ণিমাতিথি, হরিনাম দলটিকে অনেকগুলি বাড়িতে গান করতে হবে৷ খুড়ো নদীর যে অংশে ফাঁদ রাখতেন তার পাড়ে একটি বেল গাছ ছিল৷ একদিন খুড়োর মাথায় এক দুর্বুদ্ধি খেলে গেল৷ সন্ধ্যা বেলায় সে একটা সাদা ধুতি কাপড় জড়িয়ে বেল গাছের ডালে বসে বিড়ি ফুঁকতে লাগলেন ৷

এরপর হরিনামের দল নৌকায় চেপে সেখানে এসে হাজির। আবছা অন্ধকারে তারা যখন বেলগাছের দিকে তাকালো তখন তাদের মূর্ছা যাবার যোগাড়৷ নৌকা ফেলে তারা যে যেদিকে পারল দৌড়ে পালিয়ে গেল৷

ঘটনা এখানেই শেষ নয৷ এর পরদিন হরিনাম কীর্তনীয়ারা গ্রামের সকল মানুষকে বিশ্বাস করালো যে ঐ বেল গাছে ব্রহ্মদৈত্য আছে৷

বেলগাছের কান্ডের মাটির অংশটা সিমেন্ট দিয়ে বাঁধানো হল৷ প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে হরিনাম ও পূজা আরম্ভ হয়ে গেল৷ জন্ম নিল নতুন এক ভগবানের৷
---------------×---------------

No comments:

Post a Comment